তাহসিফ হত্যা মামলা: ‘প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন’ দীপ, ফের ৩ দিনের রিমান্ডে
- আপডেট সময় : ০৯:১৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 1
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ফের ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এই আদেশ দেন।
চার দিনের প্রথম দফা রিমান্ড শেষে এদিন দীপকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আটটি কারণ দেখিয়ে আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রথম দফার জিজ্ঞাসাবাদে আসামি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেও অনেক প্রশ্নের উত্তর ‘কৌশলে এড়িয়ে গেছেন’। হত্যার প্রকৃত কারণ ও ঘটনাস্থল শনাক্ত, আলামত উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তাঁকে আবার রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে দীপের আইনজীবী মনিরুল ইসলাম ও মুতাসিম বিল্লাহ রিমান্ড আবেদন বাতিল চেয়ে শুনানি করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম রিমান্ডের তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩১ অক্টোবর দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। এই মামলায় তাহসিফের ‘বান্ধবী’ জেরিকা তাসনিম দিশাও গ্রেপ্তার আছেন; রোববার তাঁকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়। দীপ ও দিশাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে আরও তিনজনের নাম উঠে আসার পর তাঁদের ভূমিকা নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন ২৮ অক্টোবর বিকেলে টঙ্গীর রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। ৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। ময়নাতদন্ত ও নমুনা পরীক্ষার প্রতিবেদন এখনো হাতে পায়নি পুলিশ; মৃত্যুর কারণ নিশ্চিত হতে সেসব প্রতিবেদনের অপেক্ষায় আছেন তদন্তসংশ্লিষ্টরা।



















