জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা
- আপডেট সময় : ০৯:২০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 3
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান; সেখানে দুই নেতার সমাধিতে ফাতেহা পাঠ করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে বিশেষ মোনাজাতে অংশ নিয়ে তিনি শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বিএনপি ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সাত দিনের কর্মসূচি পালন করছে। এর আগে আজ সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
দিনের বাকি কর্মসূচিতে বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় শোভাযাত্রা বের হবে; উদ্বোধন করবেন তারেক রহমান নিজেই।




















