ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৯:৪০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 45
অনলাইন ডেস্ক:
ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভার শুরুতে ঢাকা-১৭ আসনের ৮টি মন্দিরের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে পূজার আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রী বলেন, “একজন নাগরিক হিসেবে যার যে অধিকার রয়েছে, তা নিশ্চিত করা সরকারপ্রধান হিসেবে আমার দায়িত্ব। জাতির ক্রান্তিলগ্নে যখন আমরা ধর্মকে বিবেচনায় আনিনি, তখন অন্য কাজে কেন ধর্মকে বিবেচনা করবো? দেশটা সবাই মিলে স্বাধীন করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনেও সবাই অংশ নিয়েছি।”
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, বিএনপি ক্ষমতায় আসার পর পূজার ছুটি ও সরকারি অনুদান বাড়িয়ে দেওয়ায় হিন্দু সম্প্রদায়ের নেতারা প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতৃবৃন্দ জানান, নির্বাচনের পর তারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন এবং সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে।
অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলক সাহা, বারিধারা ডিওএইচ পূজা কমিটির সভাপতি জীবন কানাই দাসসহ অন্যান্য প্রতিনিধি এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন, প্রধানমন্ত্রীর জাপান ও সৌদি সফর
কানাডার প্রতিমন্ত্রীর সাক্ষাৎ ও আমন্ত্রণ:
এদিকে, গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বাস্থ্য ও শিক্ষাখাতে কানাডার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন। অন্যদিকে, কানাডার প্রতিমন্ত্রী বাংলাদেশিদের কর্মদক্ষতার প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রীকে কানাডা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী ও কানাডার হাইকমিশনার অজিত সিং উপস্থিত ছিলেন।



















